পেগাসাস ইস্যুতে দুই মন্ত্রীকে চিঠি

২৭ জুলাই, ২০২১ ০১:৪০  
ইসরাইলের এনএসও গ্রুপের তৈরি ফোনে আড়ি পাতা বিষয়ক প্রযুক্তি পেগাসাস স্পেসওয়্যার ইস্যুতে দুই মন্ত্রীকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন। স্বরাষ্ট্র ও তথ্যমন্ত্রীকে পাঠানো ওই চিঠিতে জনস্বার্থে বাংলাদেশের নাম সংশ্লিষ্টতার বিষয়ে তদন্তের দাবি জানানো হয়েছে। তবে দুই মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো জবাব দেয়া হয়নি। এ প্রসঙ্গে এসোসিয়েশনটির সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেছেন, যেহেতু ইসরাইলের সঙ্গে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই সে ক্ষেত্রে এমন একটি বিষয়ের সঙ্গে জড়ানোয় দুই মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। এখন অপেক্ষা জবাবের। রাষ্ট্রীয় স্বার্থ ও মোবাইল গ্রাহকদের নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা এ উদ্যোগ নিয়েছি। ভাবমর্যাদা  রক্ষা ও সংবিধানের ৪৩ (খ) ধারা অনুযায়ী রাষ্ট্রের প্রত্যেক নাগরিকের তথ্য অধিকার রক্ষার নিশ্চয়তা প্রদান করা হয়েছে, তাই তদন্তপূর্বক বিষয়টি জনস্বার্থেই প্রকাশ করার অনুরোধ করছি। তিনি বলেন, চিঠিতে আমরা দাবি করেছি, পেগাসাস স্পেসওয়্যার থেকে গ্রাহকদের নিরাপত্তা প্রদান এবং বাংলাদেশের নাম আসার বিষয়টি তদন্তপূর্বক তথ্য প্রকাশ করতে। সংশ্লিষ্টরা জানান, বিশ্বে ভয়াবহ রকম মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এমন সব দেশ বা সেখানে রাষ্ট্রীয় নিরাপত্তা বিভাগগুলো ব্যবহার করছে এই প্রযুক্তি। যদিও ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বিষয়টি ইতোমধ্যেই নাকচ করেছেন।